জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নানা অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি গণঅভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নীল দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ৬ জন অধ্যাপককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ৬ অধ্যাপক:
১. অধ্যাপক মো. আবদুল মুহিত (ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ)
২. অধ্যাপক আবু সারা শামসুর রউফ (ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগ)
৩. অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ)
৪. অধ্যাপক ড. রফিক শাহরিয়ার (পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ)
৫. অধ্যাপক আফরোজা শেলী (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ)
৬. অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ)
অব্যাহতি পাওয়া শিক্ষকরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম, প্রশাসনিক দায়িত্ব ও অন্যান্য সব ধরনের একাডেমিক কাজ থেকে বিরত থাকবেন।
এদিকে সিন্ডিকেট সূত্র জানায়, অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে গঠিত পূর্ববর্তী তদন্ত কমিটির স্থায়ী বহিষ্কারের সুপারিশটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রাইব্যুনালের পর্যালোচনার পরই তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

