সত্যজিৎ দাস:
সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়মের অভিযোগে ১০টি যানবাহনের মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে র্যাব-৯,সদর কোম্পানি,সিলেট এবং পরিবেশ অধিদপ্তর,সিলেটের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে গাড়িতে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ধারা ৬(২) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এর ধারা ১৫(২) অনুযায়ী সংশ্লিষ্ট ১০টি যানবাহনের মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়,শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোটরযান ও নৌযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করাও আইনত দণ্ডনীয় অপরাধ। এসব আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড,অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

