রাষ্ট্রপতি পদে তার নাম চূড়ান্ত হয়েছে—এমন দাবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও সেটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত একটি মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে—এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। তিনি বিষয়টিকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দেন।
এদিকে অনুষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়। ঠাকুরগাঁওয়ে নেওয়া উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে মির্জা ফখরুল বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।

