জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির (এইচডিএস) উদ্যোগে সফলভাবে চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৪ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৩২৫ নং কক্ষে সারা দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর আবুল বাশার নাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোকসানা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তানভীর আনজুম বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আমি মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অন্যতম প্রাণ অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের এই ডিবেটিং সোসাইটি। ডিবেটিং সোসাইটি যেন ইতিহাস বিভাগের সুনাম ও পরিচয়কে ধারণ করে।”
বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আজকে এই বিশ্ববিদ্যালয় ২০টা বছর পার হচ্ছে, কিন্তু সেভাবে একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠেনি। কারণ এভাবে আমরা বিশ্ববিদ্যালয়টিকে প্রমোট করতে চাইনি। কিন্তু এটাই উপযুক্ত সময় যে, আমরা এই বিশ্ববিদ্যালয় ও বিভাগকে সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত করতে পারি। হিস্ট্রি ডিপার্টমেন্ট যদি এসব পদক্ষেপ না নেয় তবে কারা নিবে?”
ভবিষ্যতে ইতিহাস বিভাগে ফিল্ম সোসাইটি ও সাহিত্য ক্লাব চালুর আহ্বান জানানোর পাশাপাশি ডিবেটিং সোসাইটির জন্য বিভাগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মডারেটর আবুল বাশার নাহিদ নবীনদের উৎসাহিত করে বলেন, “যারা একেবারেই নবীন, যারা মাত্রই শিখছেন, আশা করছি আপনারা এটা অব্যাহত রাখবেন। ক্লাবের যদি একাধিক ভালো টিম থাকে তবে বিভাগ ও টিম উভয়ই শক্তিশালী হয়। নবীন যারা আছেন, আপনারা বেশি বেশি বিতর্ক করবেন এবং বিভাগের সুনাম বয়ে নিয়ে আসবেন সেটাই প্রত্যাশা।”
উল্লেখ্য, সারা দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্ক ও যুক্তিবাদী চিন্তার বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

