আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সপ্তম বৈঠক। নতুন মেয়াদে অন্য কোনো বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের এত বেশি বার সাক্ষাৎ হয়নি।
তবে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে বিশ্বজুড়ে নতুন বিতর্ক। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এমনকি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। সকল প্রতিবাদ ও পরোয়ানা উপেক্ষা করেই ওয়াশিংটনের উদ্দেশে এই গুরুত্বপূর্ণ সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

