আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনকারী সদস্যদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, যারা আইন ও বিধি লঙ্ঘন করবেন বা জনসেবায় ব্যাঘাত ঘটাবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে রাখা হয়েছে—এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বোমাটি দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী তিনি প্রাপ্য নিরাপত্তা সুবিধা পাবেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশ সমন্বিতভাবে তার নিরাপত্তা নিশ্চিত করছে।
পুলিশ সপ্তাহে পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় তা পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে যোগ্য পুলিশ সদস্যদের মধ্যে পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মোট নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধারকারী সাত সদস্য এবং ছিনতাইকারী গ্রেপ্তারে সাহসিকতার পরিচয় দেওয়া ডিএমপির ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট পুরস্কার পান। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

