সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নে অনামিকা রায় (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত অনামিকা রায় উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাসিন্দা মৃনাল কান্তি রায়ের কন্যা।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার আগেই অনামিকা রায়ের মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন,মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

