বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপযুক্ত ব্যক্তি বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মতামত প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, তার ব্যক্তিগত মূল্যায়নে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য মির্জা ফখরুল একজন যোগ্য ব্যক্তি। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতন ও রাজনৈতিক চাপের মুখেও দায়িত্ব পালন করেছেন এবং উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরও লেখেন, রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ব্যক্তিত্ব, সংযত আচরণ, ভদ্রতা ও বক্তব্য দেওয়ার দক্ষতার জন্য পরিচিত। এসব গুণ তাকে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের জন্য উপযুক্ত করে তোলে বলে তার অভিমত।
আসিফ নজরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের পারস্পরিক বোঝাপড়া রয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
তবে তিনি এ-ও উল্লেখ করেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত আরও কয়েকজন নেতা রয়েছেন। তারপরও সার্বিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি সবচেয়ে এগিয়ে রাখছেন। তার ভাষায়, রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুল সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রার্থী হবেন।

