উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে বাস, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কে একটি ভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উজিরপুর মডেল থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে তদন্ত চলছে।

