ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনার পর এবার শিক্ষার্থীদের সমর্থনে সরব হয়েছেন বলিউড ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ।
শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, স্বরা ভাস্কর, গায়ক অরিজিৎ সিং এবং পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জসহ আরও অনেকে।
এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে তিনি দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং লেখেন, শিক্ষার্থীদের ওপর হামলার এই ঘটনা মানুষ দীর্ঘদিন মনে রাখবে। তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
দিলজিৎ দোসাঞ্জ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি প্রশাসনের প্রতি সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
অভিনেত্রী হুমা কুরেশি আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে পুনম পান্ডে বলেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।
শুরু থেকেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসা অভিনেতা প্রকাশ রাজ পুলিশের পদক্ষেপকে কর্তৃত্ববাদী বলে মন্তব্য করেন। তিনি যন্তর মন্তরের আন্দোলনস্থলেও গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
অভিনেত্রী শাবানা আজমিও আন্দোলনস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানান।
এদিকে বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। অধিকারকর্মী সোনম ওয়াংচুককে উৎসর্গ করে প্রকাশিত একটি গানের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির সমর্থনে অধিকারকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন। যন্তর মন্তরে টানা ২১ দিন অনশন চালানোর পর পুলিশ তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। তবে হাসপাতালেও তিনি অনশন অব্যাহত রেখেছেন।

