২০২৬ ফিফা
ফাইনাল শেষে আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা। ম্যাচ-পরবর্তী একাধিক বিতর্কিত ঘটনার পর শৃঙ্খলাবিষয়ক কমিটি বিষয়টি পর্যালোচনা করবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ রেফারির রিপোর্ট, অফিসিয়াল ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করে ফিফা সিদ্ধান্ত নেবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে পড়ার ঘটনায় তিনি লাল কার্ড দেখেন। ওই ঘটনার প্রেক্ষাপট ও তার আচরণ খতিয়ে দেখা হবে।
এ ছাড়া ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উদযাপনের সময় তিনি স্পেনের মিডফিল্ডার রদ্রির দিকে আক্রমণাত্মক আচরণ করেন। বিষয়টিও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে।
শুধু খেলোয়াড় নয়, আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকাও পর্যালোচনা করবে ফিফা। স্পেনের দানি ওলমোর সঙ্গে ঘটে যাওয়া একটি ধাক্কাধাক্কির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আর্জেন্টিনা দলের কিছু সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, স্পেন ট্রফি উদযাপন করার সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার প্রতিপক্ষের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেয়নি ফিফা। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা বা সম্ভাব্য শাস্তি সম্পর্কে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

