জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী হাফিজুল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই আদালত তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়।
সোমবার (২০ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ওই বছরের ৪ সেপ্টেম্বর স্বামীর বাড়িতে হুনুফা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে ঘটনার প্রায় ১৪ বছর পর আদালত এ রায় দেন। রায়ে স্ত্রী হত্যার দায়ে হাফিজুল হককে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের বাসিন্দা মৃত প্রধান মিয়ার ছেলে হাফিজুল হক প্রেমের সম্পর্কের পর ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হুনুফা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হুনুফার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এক পর্যায়ে তাকে সশ্রদ্ধ করে হত্যা করা হয়। মামলায় আদালত এরায় ঘোষণা করেন।

