গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিগার সুলতানা (ময়না)র মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ। স্মরণসভায় বক্তব্য দেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ বাদশা শিকদার ও মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ শিক্ষক আবদুল খালেক ও মোহাম্মদ শাহ আলম বেপারী।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমার জামাতা সাখাওয়াত হোসেন। বক্তারা নিগার সুলতানার কর্মজীবন, শিক্ষার্থীদের প্রতি তাঁর দায়িত্বশীলতা এবং সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষকতা পেশায় দীর্ঘদিন দায়িত্ব পালন করে তিনি বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির।

