মোঃতাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গত এক সপ্তাহে লোকালয় থেকে বিভিন্ন প্রজাতির পাঁচটি সাপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের আব্দুর রহমানের বসতবাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
এর আগে শুক্রবার (১৭ জুলাই) লোকালয় থেকে উদ্ধার করা আরেকটি অজগর সাপও সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) কাজী তামিল রসুল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় ১০ কেজি।
ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, গত এক সপ্তাহে শরণখোলার বিভিন্ন এলাকা থেকে অজগরসহ বিভিন্ন প্রজাতির মোট পাঁচটি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সব সাপই বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের উপযোগী স্থানে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারীরা জানান, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

