গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি ড্রোনের টহল ও আকাশ নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, মাত্র এক ঘণ্টার ব্যবধানে গাজা সিটিতে চারটি এবং মধ্য গাজার দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে আরও তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এসব হামলা বৃহত্তর কোনো সামরিক অভিযানের অংশ কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ এ বিষয়ে ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে পুরো গাজাজুড়ে ড্রোন হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত এক সপ্তাহ ধরে গাজার আকাশে ড্রোনের টহল এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। উত্তর গাজা, গাজা সিটির পশ্চিমাংশ এবং সমুদ্রবন্দর এলাকার আকাশে নিচু উচ্চতায় নিয়মিত ড্রোন উড়তে দেখা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, নজরদারি ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র বহনকারী সশস্ত্র ড্রোনও আকাশে অবস্থান করছে। ফলে ঘর থেকে বের হয়ে বাজার করা কিংবা রাস্তায় চলাচলের মতো সাধারণ কাজও এখন জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্রমবর্ধমান এই ড্রোন তৎপরতায় গাজার বেসামরিক জনগণের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ আরও তীব্র হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা

