মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালিতে নৌযান চলাচল সীমিত হওয়া এবং লোহিত সাগরের রুট নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৯ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৪ ডলারে ওঠে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ১৩ শতাংশ বেড়েছে। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো ব্রেন্ট এবং দ্বিতীয় সপ্তাহের মতো ডব্লিউটিআই মূল্যবৃদ্ধির পথে রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও লোহিত সাগর ঘিরে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে।

