ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালির একটি কৌশলগত স্থানে থাকা মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, চলমান সামরিক অভিযানের ১৩তম ধাপে এ হামলা পরিচালিত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি প্রতিশোধমূলক অভিযানের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে এখনো ইরানি নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর (স্পেশাল অপারেশনস) একটি কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, ইরানশাহর এলাকায় ইরানি সেনাসদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত করার পদক্ষেপ নেওয়া হতে পারে। তাদের দাবি, এই কৌশলগত জলপথের ওপর ইরান এখনো কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

