সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকায় লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর সাপ নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা হুগলিয়া এলাকায় একটি বড় সাপ দেখতে পান। সাপটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন সেটিকে মারার চেষ্টা করলেও সচেতন স্থানীয়রা বাধা দেন এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অজগরটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড় জমে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,অজগর সম্পূর্ণ নির্বিষ এবং সাধারণত শান্ত স্বভাবের সাপ। উসকানি বা ভয় না পেলে এরা মানুষকে আক্রমণ করে না। মূলত নিশাচর হওয়ায় দিনের বেলা ঝোপঝাড়, গাছের কোটর কিংবা গর্তে আশ্রয় নেয় এবং রাতে খাদ্যের সন্ধানে বের হয়।
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের চা-বাগান এলাকায় সবচেয়ে বেশি দেখা যায় ময়াল অজগর। সাধারণত উদ্ধার হওয়া এসব অজগরের দৈর্ঘ্য ৮ থেকে ১৪ ফুট এবং ওজন ২০ থেকে ২৫ কেজির মধ্যে হয়ে থাকে। বন উজাড়, তীব্র গরম ও খাদ্যের সংকটের কারণে অনেক সময় এরা লোকালয়ে চলে আসে। মানুষের বসতবাড়িতে ঢুকে হাঁস, মুরগি কিংবা কবুতর শিকার করতে পারে। তবে মানুষ দেখলে অধিকাংশ ক্ষেত্রে আত্মরক্ষার্থে কুণ্ডলী পাকিয়ে থাকে বা হিসহিস শব্দ করে।
তিনি আরও বলেন,অজগর পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্যপ্রাণী। তাই এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে কিংবা হত্যা না করে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা উচিত।
উদ্ধারের পর অজগরটি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

