সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজারের বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর মোকাম সংলগ্ন এলাকায় এ বিশেষ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পে বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা,প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এতে স্থানীয় শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসকদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

