লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বলেছেন, ইসরায়েল সম্পূর্ণভাবে লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত দেশটির সার্বভৌম কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি ইসরায়েলের দখলদারিত্বের অবসানের আহ্বান জানান।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি সিনেট আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রাজ্জি বলেন, লেবাননের সশস্ত্র বাহিনীর লক্ষ্য ধাপে ধাপে দেশের সব অঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, “কোনো দেশের ভূখণ্ডের একটি অংশ দখলে থাকলে সেই রাষ্ট্রের প্রতিষ্ঠান ও সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে গড়ে তোলা সম্ভব নয়। দখলদারিত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে, উত্তেজনা বাড়ায়, রাজনৈতিক ও নিরাপত্তা স্থিতিশীলতা ফিরতে বাধা দেয় এবং পুরো ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”
হিজবুল্লাহর সামরিক উপস্থিতি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো বিদেশি চাপ বা কূটনৈতিক সমঝোতার ফল নয়; বরং এটি সম্পূর্ণভাবে লেবাননের জাতীয় স্বার্থ ও জনগণের ইচ্ছার প্রতিফলন।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।

