ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে তারা নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমান নজরদারি ও নিয়ন্ত্রণ রাডার এবং যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, এই হামলায় ঘাঁটির আকাশ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে ব্যবহৃত রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংকে জ্বালানি সরবরাহকারী পাম্পিং স্টেশনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
এর আগে ইরানের সেনাবাহিনী জানায়, ড্রোন হামলার মাধ্যমে শেখ ইসা ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা, সুপার হক রাডার এবং মার্কিন বাহিনীর ব্যবহৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়।
আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, মার্কিন হামলার কারণে ইরানের আহভাজে একটি শিশু ক্যানসার হাসপাতাল খালি করতে হয়েছে এবং ইলাম প্রদেশের সীমান্ত এলাকায় কারবালাগামী তীর্থযাত্রীদের জন্য নির্মিত একটি পানি উৎপাদন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতির শেষ অংশে আইআরজিসি জানায়, “যুদ্ধ এখনো চলছে।” একই সময়ে তারা কুয়েত ও জর্ডানেও নতুন করে হামলা চালানোর দাবিও করেছে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে বাহরাইন, যুক্তরাষ্ট্র বা স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে ক্ষয়ক্ষতি ও হামলার প্রকৃত চিত্র স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

