সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারকে অপহরণের পর হত্যা। মুক্তিপণ দাবি এবং লাশ গুমের চেষ্টার মামলায় সাব্বির মিয়া (২১) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।দণ্ডিত সাব্বির মিয়া সখীপুর উপজেলার দাড়িয়াপুর (উত্তরপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত, চিকিৎসা প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
আদালত পর্যবেক্ষণে বলেন, অপহরণ করে শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ সমাজে আতঙ্ক সৃষ্টি করে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানান, তারা আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করবেন।
উল্লেখ্য, বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার আগে উচ্চ আদালতের অনুমোদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

