মো. হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি বাঘাইছড়ি পৌঁছান।
সফরের শুরুতে তিনি মারিশ্যা ইউনিয়নের বারবিন্দু ঘাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং কাচালং নদী ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি ভিডিও কলে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে কথা বলেন। ভিডিও কলে বারবিন্দু এলাকায় বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করবে।
তিনি বলেন, “জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। জনগণই এ দেশের প্রকৃত মালিক। আমরা জনগণের সেবক মাত্র।”
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের সেবা এমনভাবে করতে হবে, যাতে তারা অনুভব করেন—জনপ্রতিনিধিরা তাদের প্রকৃত সেবক এবং জনগণই সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বন্যা, নদীভাঙন, খরা ও অতিবৃষ্টিজনিত নানা দুর্যোগের জন্য মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডও অনেকাংশে দায়ী। নিজেদের প্রয়োজনেই ছোট ছোট নদী, খাল ও বিল ভরাট করে বসতি ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিপাতেই বন্যা, জলাবদ্ধতা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি টানা ভারী বর্ষণে বাঘাইছড়ি উপজেলার প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে রাস্তা-ঘাট, বসতবাড়ি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অতিবর্ষণের ফলে পাহাড়ধসের ঘটনাও ঘটে, যাতে একজনের মৃত্যু হয়।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ানসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

