মো আলম বান্দরবান প্রতিনিধি:
হারিয়ে যাওয়া শখের জিনিস ফিরে পাওয়ার আনন্দই আলাদা। সেই আনন্দটাই ১০ জন মোবাইল ব্যবহারকারীকে দিল বান্দরবান সদর থানা পুলিশ।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহেদ পারভেজের সার্বিক দিকনির্দেশনায় এবং থানার চৌকস এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসাইনের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বান্দরবান সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে গত ১ বছরসহ বিভিন্ন তারিখ ও সময়ে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের মোবাইল ফোনগুলো তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে থানায় মালিকদের ডেকে যাচাই-বাছাই শেষে তাদের কাছে ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়।
মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। তারা বান্দরবান সদর থানা পুলিশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে ওসি মোঃ শাহেদ পারভেজ বলেন, “কোনো মানুষের হারিয়ে যাওয়া প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস ফিরিয়ে দেওয়ার মাঝে যে অসীম আনন্দ রয়েছে, সেটাই আমাদের কাজের অনুপ্রেরণা। নাগরিক সেবা নিশ্চিত করতে বান্দরবান সদর থানা সবসময় তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, কারো মোবাইল ফোন হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। জিডির মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো ফোন উদ্ধারে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
বান্দরবান সদর থানা পুলিশের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

