মোঃখায়রুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে এসে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীতে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর। আগমন উপলক্ষে খালের দুই পাশে স্থানীয় বাসিন্দা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে নারিকেল ও নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে একযোগে দুই হাজার পাঁচশত গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনের অংশ হতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই উপলব্ধি থেকে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”
পরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, খাদ্য সহায়তা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। উপকারভোগীরাও তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এবং নিম্নআয়ের পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও সম্প্রসারণ করা হবে। নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দেশের প্রতিটি মেয়ের স্নাতক (ডিগ্রি) পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থের অভাবে কোনো নারী শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া, নারিকেলসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণের কর্মসূচি রয়েছে। পরে তিনি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে দলের সাংগঠনিক সভায় অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

