স্টাফ রিপোর্টার:
টানা ভারী বর্ষণের কারণে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী হাট সংলগ্ন পিয়াজখালী-বলাশিয়া পাকা সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রবিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে সড়কটির একটি বড় অংশ ধসে যায়। সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ অংশ ভেঙে নিচে নেমে গেছে। অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া সড়ক সংলগ্ন কয়েকটি পাকা দোকানঘরও ভাঙনের হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ জানান, অতিবৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় পুরো রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে।
অটোচালক দীপ্ত বেপারী বলেন, “বলাশিয়া ঘাট থেকে বিভিন্ন পণ্য এই সড়ক দিয়ে পিয়াজখালী হাটে আনা-নেওয়া করা হয়। রাস্তা বন্ধ হয়ে গেলে চালক ও ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। তাই জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন।
সদরপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সড়ক ধসের বিষয়টি তার জানা রয়েছে। ভাঙন রোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

