মীর ইমরান, মাদারীপুর:
মাদারীপুর সদর থানা এলাকার ৩০টি মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদার (২৮)কে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১২ জুলাই) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার আল-আমিন হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, সিডিএমএসে যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ৩০টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

