তানভীর তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে সদরপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।ভুক্তভোগী বিথী আক্তার (২৮) মাদারীপুর জেলার শিবচর উপজেলার বড়দোয়ালী গ্রামের বাসিন্দা।
তিনি সদরপুর থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, তার স্বামী শাহিন শেখের সঙ্গে বিয়ের পর তিনি কাতারে স্বামীর সঙ্গে কিছুদিন বসবাস করেন। পরে স্বামী তাকে দেশে নিয়ে এলেও শ্বশুরবাড়িতে না তুলে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে রাখেন। এ সময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও স্বামী উপস্থিত হননি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় গত ১০ জুলাই বিকেলে তিনি স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেন।
অভিযোগ অনুযায়ী, পরদিন ১১ জুলাই সকালে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে চাপ দেয়। তিনি যেতে অস্বীকৃতি জানালে মোবাইল ফোনে স্বামীকে বিষয়টি জানানো হয়। এরপর স্বামীর নির্দেশে পরিবারের সদস্যরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
বিথী আক্তারের দাবি, হামলার সময় তার তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর ভুক্তভোগীর মা সদরপুর থানায় স্বামী শাহিন শেখসহ ১০ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন।

