মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান : টানা বৃষ্টি ও পাহাড় ধসের ঝুঁকির কারণে বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটকসহ সর্বসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল, নদ-নদীর পানি বৃদ্ধি এবং যে কোনো সময় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৫ই জুলাই পর্যন্ত জেলার নীলগিরি, নীলাচল, স্বর্ণমন্দির, মেঘলা, শৈলপ্রপাতসহ সব পর্যটন স্পটে পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে পর্যটক ও স্থানীয়দের অতি প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় ভ্রমণ ও ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন পার্বত্য চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

