সত্যজিৎ দাস:
বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ,৩০ বছরোর্ধ্ব নারীদের জরায়ুমুখ পরীক্ষা এবং মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রায় ৬০ জন নারীর জরায়ুমুখ পরীক্ষা করা হয়। পাশাপাশি ২৬ জন গর্ভবতী মাকে প্রসবপূর্ব সেবা বা এএনসি সেবা দেওয়া হয়। এছাড়া সাধারণ রোগে আক্রান্ত ৭৭ জন সেবাগ্রহীতাকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের নেতৃত্বে চিকিৎসাসেবা দেন ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ। এ সময় সেবাদান কার্যক্রমে অংশ নেন সিনিয়র স্টাফ নার্স হাছিনা আক্তার ও জোসনা বেগম, মিডওয়াইফ শেখ সাদিয়া সালমা ও মাহবুবা সুলতানা,স্যাকমো সুকৃতি রাণী পাল, সিএইচসিপি তপন কুমার পাল ও শুক্লা রানী পাল,স্বাস্থ্য সহকারী সোহেল আহমেদ ও আব্দুল মোক্তাদির এবং স্বপন রায়।
ডা. সিনথিয়া তাসনিম বলেন,জরায়ুমুখ ক্যানসার নারীদের জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এটি প্রতিরোধ ও চিকিৎসা করা সম্ভব। তাই ৩০ বছরোর্ধ্ব নারীদের নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনা জরুরি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও সময়মতো প্রসবপূর্ব সেবা গ্রহণ করলে মা ও নবজাতকের নানা জটিলতার ঝুঁকি কমে।
তিনি বলেন,প্রত্যন্ত এলাকার নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়নে এমন ক্যাম্প পরিচালনা করছে। বৃষ্টির মধ্যেও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ইতিবাচক দিক।
স্বাস্থ্য সহকারী আব্দুল মোক্তাদির বলেন,অনেক নারী সংকোচ,অবহেলা কিংবা সচেতনতার অভাবে জরায়ুমুখ পরীক্ষার সুযোগ নেন না। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে স্থানীয় নারীরা সহজে পরীক্ষা ও পরামর্শ পাওয়ায় রোগ শনাক্তে সহায়ক ভূমিকা রাখছে। তিনি নারীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

