কক্সবাজারের উখিয়ায় অবস্থিত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসা চাপা পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে টানা বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাহাড়ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কাপ্তাই হ্রদে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ছোট নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, অতিবৃষ্টির কারণে বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বিরূপ আবহাওয়ার ঝুঁকি বিবেচনায় প্রশাসন আগেই জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ভ্রমণ থেকে পর্যটকদের বিরত থাকার নির্দেশনা জারি করেছে।

