বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর টেলিকম ভবনে অধ্যাপক ইউনূসের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে ইরান সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব প্রদান এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই। তার মতে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

