দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সরকারি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের নেতৃত্ব উন্নয়নের ধারাকে এগিয়ে নিচ্ছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি কার্যক্রম সপ্তাহের সাত দিনই চলমান রয়েছে।
সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, চিকিৎসা খাতে দুই ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তার মতে, বেসরকারি খাতে সেবার মান তুলনামূলকভাবে উন্নত হলেও সরকারি স্বাস্থ্যসেবার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি জানান, চলতি বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসা সরঞ্জাম উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং স্বাস্থ্য উদ্যোক্তাদের সহায়তায় প্রয়োজনীয় বরাদ্দ ও নীতিগত সহায়তা রাখা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

