বিশ্বজুড়ে বাড়তে থাকা মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।
বক্তব্যে তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানবিক নীতির প্রতি বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, সরকারের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে নারীদের অর্থবহ অংশগ্রহণ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতকবলিত অঞ্চলে নারী ও শিশুদের মানবিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি দূর করতে উন্নয়ন সহযোগী ও দাতা দেশগুলোর আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ইকোসকের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ সদরদপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।
জাতিসংঘে অনুষ্ঠিত এসব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তা, নারী ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু তুলে ধরা হয়েছে।

