সত্যজিৎ দাস:
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় ইয়াবা বহন ও সেবনের দায়ে এক নারীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (৫ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
দণ্ডপ্রাপ্ত নারী হলেন পুটিজুরি ইউনিয়নের ববি বেগম ওরফে জনি বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,স্নানঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই নারীর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে বাহুবল থানা পুলিশ এবং পুটিজুরি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক বহন,সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

