ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার ৩০ জন সুবিধাভোগীর প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে ।
এছাড়াও, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীতে অংশ হিসাবে উপজেলার ৩ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ৩ টি করে ছাগল এবং ৫ জন সুবিধাভোগির মাঝে প্রত্যেককে ১ টি করে টং দোকান বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

