সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
সিলেট ও চট্টগ্রাম বিভাগের মানুষের মধ্যে সম্প্রীতি,পারস্পরিক সহযোগিতা এবং মানবিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। অরাজনৈতিক ও সেবামূলক এই সংগঠনটি আর্তমানবতার সেবা, অসহায় পরিবারকে সহায়তা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে।
সংগঠনটির নেতারা জানান,মানুষের জন্য কাজ করতে বড় কোনো সামর্থ্যের প্রয়োজন নেই। সময়,শ্রম এবং স্বেচ্ছাসেবী মনোভাব থাকলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, সংকটাপন্ন পরিবারের পাশে দাঁড়ানো কিংবা মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করাই সংগঠনটির মূল লক্ষ্য।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনকে আরও সুদৃঢ় ও কার্যকর করতে সিলেটের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা স্বেচ্ছায় যুক্ত হচ্ছেন। নারী-পুরুষের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের কানাডা শাখার যুগ্ম আহ্বায়ক যোশেফ দাশগুপ্ত যশো বলেন,“দেশের বাইরে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে একটি মানবিক সেতুবন্ধন গড়ে তুলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রবাসে থাকা সবাইকে এই সেবামূলক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”
মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক সদস্য হালিমা তু সাবিয়া বলেন,“মানবতার সেবায় কাজ করা আমাদের সামাজিক দায়িত্ব। বিশেষ করে নারী,শিশু,অসহায় পরিবার এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমরা সংগঠনের মাধ্যমে কার্যকর উদ্যোগ নিতে চাই। সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।”
মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক তিমির বণিক, সাংবাদিক সত্যজিৎ দাস,হালিমা তু সাবিয়া, পূর্ণিমা দাস এবং জয় বাক্তি।
সংগঠনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

