সরকারি ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে ৯ সদস্যের একটি পুনর্গঠিত কমিটি গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ১২ মে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে নয়জনে উন্নীত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের (কমিটি ও অর্থনৈতিক) অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় সংস্কার এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহমেদ।
প্রজ্ঞাপনে কমিটির দায়িত্বও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫–এর সংশ্লিষ্ট অংশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ প্রণয়ন এবং সরকারের অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে। কমিটির প্রশাসনিক ও সচিবালয়-সংক্রান্ত সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

