রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে ‘বাংলাদেশ নীতি’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়ক হবে।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান বাস্তবতায় আধুনিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। ‘বাংলাদেশ নীতি’র ভিত্তিতে প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও সেই গৌরবময় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রচলিত সামরিক হুমকির পাশাপাশি বর্তমান সময়ে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, দক্ষ জনবল তৈরি এবং সময়োপযোগী নিরাপত্তা কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

