মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি;
এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরেই মায়ের মৃত্যুসংবাদ পেলেন তানিয়া, হৃদয়বিদারক এক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ডোমার উপজেলার চিলাহাটির মুক্তিরহাট–আলেয়ার মোড় এলাকায়। এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানিয়া।
জানা গেছে, তানিয়ার পিতা আবু তাহের এবং মা ফাতেমা (স্থানীয়ভাবে ‘ফতে’ নামে পরিচিত)। ফাতেমা দীর্ঘদিন ধরে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তানিয়ার এইচএসসি পরীক্ষা থাকায় তিনি মেয়ের জন্য ভাত রান্না করতে রান্নাঘরে যান। রান্নার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এদিকে পরীক্ষার সময় হয়ে যাওয়ায় তানিয়া মাকে ওই অবস্থায় রেখেই পরীক্ষা কেন্দ্রে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে ডা. রেজাউল করিমের চেম্বারে নেওয়া হলে তিনি রোগীর পালস পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
এদিকে পরীক্ষা দিতে যাওয়া তানিয়া তখনও জানতেন না, এরই মধ্যে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে স্বজনদের কাছ থেকে মায়ের মৃত্যুসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
উপস্থিত স্বজন ও প্রতিবেশীদের অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

