যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্বের অন্যতম পরিচিত স্থাপনা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ঝুঁকিপূর্ণভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় দুই রুশ নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভবনের নিষিদ্ধ অংশে উঠে তারা এই দুঃসাহসিক কাণ্ড ঘটান।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, আটক দুজন হলেন ভানিয়া বীরকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা ‘রুফটপিং’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য পরিচিত। তাদের জীবন নিয়ে নির্মিত ‘স্কাইওয়াকার্স: এ লাভ স্টোরি’ নামের একটি প্রামাণ্যচিত্র ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রায় ৪৪৩ মিটার উচ্চতায় ভবনের প্রধান অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে এই যুগল একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করছেন। এ সময় তারা একটি ব্যানারও ঝুলিয়ে দেন, যেখানে লেখা ছিল— “যখন ভালোবাসার শক্তি ক্ষমতার লোভকে পরাজিত করবে, তখনই পৃথিবীতে শান্তি আসবে।”
কীভাবে তারা ভবনের ১০২ তলার ওপরে অবস্থিত সীমিত প্রবেশাধিকারযুক্ত অ্যান্টেনা এলাকায় পৌঁছেছেন, তা এখনো তদন্ত করছে কর্তৃপক্ষ। পরে পুলিশ সদস্যরা মই বেয়ে ওপরে উঠে তাদের নিচে নামিয়ে এনে আটক করেন।
এ ঘটনায় অ্যাঞ্জেলা নিকোলাউয়ের বাবা, রুশ সার্কাস শিল্পী দিমিত্রি নিকোলাউ জানান, মেয়ের পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন। তিনি এ ধরনের অভিযানের পক্ষে নিজের মতও প্রকাশ করেন।
অন্যদিকে, এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ ঘটনাটিকে সম্পূর্ণ অননুমোদিত বলে উল্লেখ করেছে। এক মুখপাত্র রসিকতা করে বলেন, বাগদান উদযাপন করতে চাইলে তাদের উচিত ছিল ভবনের নির্ধারিত অর্থের আনুষ্ঠানিক প্রপোজাল প্যাকেজ ব্যবহার করা, নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা নয়।
সূত্র: আল জাজিরা।

