ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সমুদ্রপথে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে মস্কো। শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বুধবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পেট্রল সরবরাহ ব্যাহত হচ্ছে। অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্তত ১১টি অঞ্চলে এই সংকটের প্রভাব পড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ক্রেমলিন জানায়, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশের সঙ্গে আমদানির বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহ করা হবে।
শিল্প খাতের একাধিক সূত্র জানিয়েছে, ভারত থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। এছাড়া ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রল বহনকারী দুটি ট্যাংকার ইতোমধ্যে রওনা দিয়েছে।
ভারতের পাশাপাশি বেলারুশসহ অন্যান্য দেশ থেকেও মাসে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা করেছে রাশিয়া। এর মধ্যে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ ইতোমধ্যেই চলমান রয়েছে।
তবে ভারতের কোন রিফাইনারি প্রতিষ্ঠান এই পেট্রল রপ্তানি করছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় ও ভারতের তেল মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে গ্রীষ্মকালীন মৌসুমে রাশিয়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ১০ হাজার টন পেট্রলের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সূত্র: রয়টার্স।

