এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের মামুদপুর এলাকায় বিলের ফসলি জমি ড্রেজিংয়ের মাধ্যমে কেটে ভরাট করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও ভরাটের কারণে এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অভিযোগ রয়েছে, স্থানীয় বালু ব্যবসায়ী ওসমান গনি এ কার্যক্রমের সঙ্গে জড়িত। এলাকাবাসীর ভাষ্য, ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু ব্যবহার করে ফসলি জমির স্বাভাবিক অবস্থা পরিবর্তন করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত ওসমান গনির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাজ করছেন। পাশাপাশি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করে ‘সালামি’ দেওয়ার কথাও উল্লেখ করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিল এলাকার ফসলি জমি এভাবে ভরাট করা হলে কৃষি জমি সংকুচিত হবে এবং দীর্ঘমেয়াদে এলাকার কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বলেন, বিষয়টি জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

