ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি আগামী ৩ জুলাই ঢাকা থেকে রওনা হবে এবং ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে। সফরকালে তারা জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের উদ্দেশ্য ইরানের সরকার ও জনগণের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করা। একই সঙ্গে সফরকালে প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জামায়াতে ইসলামী আশা প্রকাশ করেছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি এ সফরের জন্য আমন্ত্রণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে দলটি।

