মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখক ও কলামিস্ট ই. জিন ক্যারলের দায়ের করা যৌন নির্যাতন মামলার রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল থাকল।
সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের করা আবেদন কোনো ব্যাখ্যা ছাড়াই প্রত্যাখ্যান করে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে ই. জিন ক্যারল অভিযোগ করেন যে, ১৯৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নির্যাতন করেছিলেন। এ ঘটনায় তিনি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন।
২০২৩ সালের মে মাসে নিম্ন আদালত ক্যারলের পক্ষে রায় দেন। পরে ট্রাম্পের পক্ষ থেকে আপিল করা হলেও ফেডারেল আদালতও সেই রায় বহাল রাখে। সর্বশেষ বিষয়টি সুপ্রিম কোর্টে গেলেও সর্বোচ্চ আদালত আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রেখেছে।
এই সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের আদেশের পর ট্রাম্প বা তার আইনজীবীদের পক্ষ থেকে নতুন কোনো আইনি পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি।

