নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। লুমিনাস গ্রুপের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সোমবার (৩০ জুন) বিকেলে শান্তা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ডিপো স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর (ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) সারোয়ার হোসেন, ডাইরেক্টর আর. এম. রাসেল এবং রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোকলেছুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর ও কৃষিবিদ মো. মনিরুল ইসলাম মুনেম।
তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, রোগ-পোকা দমন এবং নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
লুমিনাস গ্রুপের ডাইরেক্টর আর. এম. রাসেল কৃষকদের উদ্দেশ্যে কীটনাশকের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), জৈব ও পরিবেশবান্ধব চাষাবাদ এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের কৌশল নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, কৃষকের সচেতনতা, সঠিক পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, “আমি একজন কৃষকের সন্তান। প্রায় সাত বছর আগে অর্গানিক কৃষি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। আমাদের লক্ষ্য কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধি করা। আপনারা আমাদের পণ্য ব্যবহার করুন। যদি প্রত্যাশিত ফল না পান, তাহলে আমাদের পণ্য ব্যবহার বন্ধ করে দেবেন।
আমরা গুণগত মানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
সভাপতির বক্তব্যে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নতুন ডিপো স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমি লুমিনাস গ্রুপের পণ্য ব্যবহার করে ভালো ফল পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করি দুই জেলায় ধীরে ধীরে ভেজাল ও অতিরিক্ত রাসায়নিকমুক্ত কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষির কোনো বিকল্প নেই। এজন্য বিজ্ঞানভিত্তিক চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের ধারাবাহিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। এ ধরনের আয়োজন কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে লুমিনাস গ্রুপের বিভিন্ন কৃষি উপকরণ, বালাইনাশক ও ফসল সুরক্ষা প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। পরে উপস্থিত কৃষিবিদ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

