২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ‘৩৬ জুলাই’-এর প্রতীকী স্মরণে ৩৬ দিনের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই রাজধানীতে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই, যা ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে, সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।
১৮ থেকে ৩১ জুলাই সারাদেশে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে।
২ থেকে ৪ আগস্ট দলটির শ্রমিক সংগঠন বিশেষ কর্মসূচি পালন করবে।
এছাড়া ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে রাজধানীসহ দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি রাখা হয়েছে।
জামায়াত জানিয়েছে, এ সময় দলের মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন প্ল্যাটফর্মও পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে।

