আবদুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি:
ক্লাসরুম, শিক্ষক, আবাসন ও পরিবহন সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও ৪৭তম বিসিএসে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সুপারিশপ্রাপ্ত নিয়ে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়টির ১৫ জন শিক্ষার্থী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া দেশের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামগ্রিক অবস্থান বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর পরেই শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
গত ২৮ জুন ২০২৬ প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন— মো. মনিরুজ্জামান হাসান (ফরেন অ্যাফেয়ার্স), নাহিদ হাসান (পুলিশ), শাওরাত জাহান সুমি (প্রশাসন), গোপাল দেবনাথ (পুলিশ), তানজিল আহাদ রঞ্জু (প্রশাসন), শফিকুল ইসলাম রাকিব (প্রশাসন), রুবেল হোসেন (শিক্ষা), সাহানা মুন্নী (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস), আব্দুল্লাহ আন নোমান (শিক্ষা), সৈকত খন্দকার (আনসার), সাজ্জাদ এইচ. ডালিম (শিক্ষা), রাশেদ ইসলাম (শিক্ষা), মো. সাজ্জাদ হোসাইন (শিক্ষা) এবং আব্দুল্লাহ মারুফ (শিক্ষা)।
বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য ড. মামুন অর রশিদ বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত আমাদের শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে আবারও প্রমাণিত হয়েছে যে, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি, বরিশাল বিশ্ববিদ্যালয় শুধু দেশে নয়, সারা বিশ্বে শিক্ষা ও গবেষণায় একটি শক্ত অবস্থান তৈরি করবে।”
তিনি আরও বলেন, “আমাদের যে সংকটগুলো রয়েছে, সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি এবং শিক্ষার্থীদের আরও ভালোভাবে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতেই এসব সংকট কাটিয়ে উঠতে পারব।”
শিক্ষার্থীদের এই সাফল্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা, প্রতিকূলতা মোকাবিলার দৃঢ়তা এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থানকে নতুন করে তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

