গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে গভীর রাতে একটি কলাবাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ছোট-বড় প্রায় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছে মোচা আসার উপযুক্ত সময়েই এ ঘটনা ঘটায় ক্ষতির পরিমাণ প্রায় অর্ধলাখ টাকা বলে দাবি করেছেন বাগান মালিক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার দক্ষিণ গোবর্ধন এলাকার বকুলতলা মসজিদসংলগ্ন একটি কলাবাগানে গিয়ে এ দৃশ্য দেখতে পান বাগান মালিক মোহাম্মদ কামরুজ্জান। পরে তিনি দুপুরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী কামরুজ্জান জানান, সরকারি ২৪ শতক জমি লিজ নিয়ে তিনি শতাধিক কলাগাছের বাগান গড়ে তুলেছিলেন। গাছগুলোতে অল্প সময়ের মধ্যেই মোচা আসার কথা ছিল। কিন্তু রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ৮০টি কলাগাছ কেটে ফেলে।
তার দাবি, জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও ওই পক্ষ তার পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। একই বিরোধের জেরে প্রতিপক্ষ মানিক সরদার, আনিচ সরদার ও মান্নান সরদার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, “মানুষে মানুষে বিরোধ থাকতে পারে, কিন্তু নিরীহ গাছগুলোর কী দোষ ছিল? যারা এমন ন্যক্কারজনক কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মানিক সরদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।

