বিকেলের ক্ষুধা মেটাতে এক প্যাকেট চিপস,বিস্কুট,চানাচুর কিংবা ইনস্ট্যান্ট নুডলস এগুলো অনেকেরই প্রতিদিনের অভ্যাস। স্বাদে দারুণ হলেও এসব খাবারের ভেতরে এমন একটি উপাদান লুকিয়ে আছে, যা ধীরে ধীরে শরীরের বড় ক্ষতি করছে।আর সেটি হলো অতিরিক্ত লবণ বা সোডিয়াম।
অনেকেই মনে করেন,খাবারে আলাদা করে বেশি লবণ না খেলেই ঝুঁকি নেই। কিন্তু বাস্তবতা হলো, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত স্ন্যাকসের বড় অংশেই আগে থেকেই প্রচুর পরিমাণে লবণ মেশানো থাকে। ফলে অজান্তেই দৈনিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি সোডিয়াম শরীরে প্রবেশ করে।
বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক লবণ গ্রহণের পরিমাণ সীমিত হওয়া উচিত। কিন্তু মাত্র একটি বড় প্যাকেট চিপস, কয়েকটি ক্র্যাকার, প্রসেসড মাংস, ইনস্ট্যান্ট নুডলস বা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড থেকেই সেই সীমার বড় অংশ পূরণ হয়ে যেতে পারে।
অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে যার ফলে রক্তচাপ বাড়তে পারে। দীর্ঘদিন এ অভ্যাস চলতে থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যা এবং অন্যান্য জটিল স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও বেড়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক সময় এসব সমস্যা শুরু হয় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই। তাই অতিরিক্ত লবণকে অনেক চিকিৎসক “নীরব ঘাতক” বলেও অভিহিত করেন।
শুধু চিপস বা চানাচুর নয়, অনেক বিস্কুট, পপকর্ন, সস, কেচাপ, প্রক্রিয়াজাত পনির, ফ্রোজেন খাবার এমনকি কিছু তথাকথিত “স্বাস্থ্যকর” স্ন্যাকসেও লুকানো সোডিয়াম থাকতে পারে। তাই শুধু স্বাদ নয়, কেনার আগে পণ্যের পুষ্টিগুণের লেবেল দেখে সোডিয়ামের পরিমাণ জেনে নেওয়াও জরুরি।
কীভাবে ঝুঁকি কমাবেন?
- প্যাকেটজাত স্ন্যাকস কম খাওয়া
- তাজা ফল, বাদাম, ভাজা ছোলা বা ঘরে তৈরি কম লবণের নাশতা বেছে নিতে হবে
- খাবারের লেবেলে Sodium বা Salt-এর পরিমাণ দেখে কিনা
- অতিরিক্ত লবণযুক্ত সস ও মশলা ব্যবহারে সংযম রাখতে হবে
- পর্যাপ্ত পানি পান করা এবং সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করতে হবে
একটু সচেতন হলেই এই নীরব ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। তাই প্রিয় স্ন্যাকস হাতে নেওয়ার আগে একবার ভাবুন—এটি কি শুধু ক্ষুধা মেটাচ্ছে, নাকি অজান্তেই শরীরে জমা করছে অতিরিক্ত লবণ?

